ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’। ২৯ অক্টোবর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে তিন দিনব্যাপী এ উৎসবের ১৩তম আসরের পর্দা উঠবে। উৎসব শেষ হবে ৩১ অক্টোবর। উৎসবে প্রতিযোগিতা বিভাগ (জাতীয় ও আন্তর্জাতিক) ও ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগে নির্বাচিত ১৭টি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হবে। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘প্রেজেন্স ইন অ্যাবসেন্স’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তি ও মানবাধিকারবিষয়ক চলচ্চিত্রচর্চার প্রসার, আন্তর্জাতিক প্রামাণ্যচিত্রের সঙ্গে দেশীয় নির্মাতাদের সংযোগ তৈরি এবং নতুন প্রজন্মকে এ ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে উৎসবটি। তরুণদের সম্পৃক্ত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন করা হয়েছে।