‘কুলি’র সেটে প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন। একসময় ঋণের বোঝা, মামলা আর কাজ না পাওয়ার হতাশায় ডুবেছিলেন। রাজনৈতিক বিতর্কেও জড়িয়েছিল তাঁর নাম। তবু প্রতিবারই ফিরে এসেছেন অমিতাভ বচ্চন। আজ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন। তাঁর জীবনে ঘটনার অভাব নেই, জন্মদিনে আবারও চোখ বুলিয়ে নেওয়া যাক জানা–অজানা সেই ঘটনাগুলোতে।
১৯৪২ সালের এই দিনে উত্তর প্রদেশের এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) জন্মেছিলেন অমিতাভ। কবি হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের ছেলে হিসেবে বেড়ে ওঠা এই অভিনেতার জীবনের শুরুটা অবশ্য আজকের তারকাসুলভ জৌলুশে মোড়া ছিল না। লম্বা গড়ন ও ভারী কণ্ঠস্বরের কারণে চলচ্চিত্রজগতে শুরুর দিকে তাঁকে নিয়ে সংশয় ছিল। সেই কণ্ঠস্বরই পরে হয়ে ওঠে তাঁর অন্যতম পরিচয়। আর যে চেহারা একসময় প্রচলিত নায়কের ছাঁচে ঠিকমতো খাপ খেত না, সেটিই একসময় ভারতীয় মধ্যবিত্তের ক্ষোভ, প্রতিবাদ ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিল।