২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। এবার পুরস্কারের জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল আরেক কে-পপ জায়ান্ট বিটিএস। এ নিয়ে গ্র্যামিতে এশীয় পপসংগীতের জন্য নতুন বিভাগ চালুর সিদ্ধান্তের বিরোধিতা আরও স্পষ্ট হলো। গ্র্যামির আয়োজক রেকর্ডিং একাডেমি গত জুনে ‘বেস্ট এশিয়ান পপ’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেয়। এশিয়ার বাজারে তৈরি বা এশীয় সংগীতের সঙ্গে সম্পর্কিত পপসংগীতে শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়াই এই বিভাগের উদ্দেশ্য। তবে ঘোষণার পর থেকেই সংগীতশিল্পীদের একাংশ এর সমালোচনা করছেন।