বলিউডে কাজের শুরুতেই নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে স্বরা ভাস্করকে। অভিনয়জীবনের শুরুর দিকের এমনই একটি অস্বস্তিকর ঘটনার কথা সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, ‘তনু ওয়েডস মনু’ সফল হওয়ার পর একটি ছবির শুটিংয়ে এক পরিচালক তাঁর সঙ্গে অনুচিত আচরণ করেছিলেন। মদ্যপ অবস্থায় রাতে তাঁর ঘরের দরজায় ধাক্কা দিয়েছিলেন ওই পরিচালক, পরে জড়িয়ে ধরতেও চেয়েছিলেন।
এখন রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর প্রতিযোগী স্বরা। অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে নিজের জীবনের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, ঘটনার সময় তাঁর বয়স ছিল ২০-এর কোঠায়। অতিথিশালায় একমাত্র নারী ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণে ভয় পেয়েছিলেন অভিনেত্রী।