১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন ছোটকাকু। ফরিদুর রেজা সাগরের লেখা একই নামের এই গোয়েন্দা সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন। দীর্ঘ এই পথচলা উদ্‌যাপন করতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে বসবে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’। শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি বড়দের জন্যও থাকছে আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চ্যানেল আই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার উৎসবের নানা দিক তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজক প্রতিষ্ঠান মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছেন তাঁরা। দুই দিনজুড়ে শিশু-কিশোরদের জন্য থাকবে শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। সেমিনারের পাশাপাশি শিশুদের জন্য থাকবে নাটক ও গান। এ ছাড়া ছোটকাকু সিরিজের শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ ক্যাফে আড্ডা ও পরিবেশনা।