ছোট পর্দার প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা একদিকে অভিনয়শিল্পীদের লাখ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছেন। অন্যদিকে নাটকের পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পীরা তাঁদের ন্যায্য পারিশ্রমিক থেকেও বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে সম্প্রতি অভিনেতা রিফাত চৌধুরী মুখ খুললেও শিল্পীদের ঠকানো নতুন কিছু নয়; বলছে অভিনয়শিল্পী সংঘ।
দীর্ঘ দুই যুগের বেশি অভিনয় করছেন রিফাত চৌধুরী। তাঁকে সব সময় পার্শ্বচরিত্রে দেখা গেছে। সময়ের সঙ্গে তাঁর ক্যারিয়ারের বয়স বাড়লেও ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। এই নিয়ে সম্প্রতি একাধিক গণমাধ্যমে তিনি জানান, বেশির ভাগ ক্ষেত্রে পরিচালক ও প্রযোজকেরা তাঁকে যথাযথ পারিশ্রমিক থেকে বঞ্চিত করেছেন। তিনি জানান, পারিশ্রমিক দেওয়ার কথা যা হতো বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যেত, কম দিয়েছেন—যা একটা সময় নিয়ম হয়ে যায়। এ নিয়ে মাঝেমধ্যে প্রতিবাদ জানালেও ফলাফল একই থাকত।