ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি অজ্ঞাত বস্তু (ক্ষেপণাস্ত্র/ড্রোন) সৌদি আরবের দক্ষিণের জাজান অঞ্চলে আঘাত হেনেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের বেসামরিক সুরক্ষা বিভাগ এসব তথ্য জানায়।
তবে হুতিরা দাবি করেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।
জাজান অঞ্চলের আল-তুওয়াল গভর্নরেটে স্থানীয় সময় গতকাল শনিবার হুতিদের ছোড়া ওই অজ্ঞাত বস্তু আঘাত হানে বলে জানানো হয়েছে। বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, এ ঘটনার পরপর জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য নির্ধারিত ব্যবস্থা নেওয়া হয়েছে।