আইএমএফ, বিশ্বব্যাংক ও ডব্লিউটিওর সংস্কারের মাধ্যমে বৈশ্বিক প্রভাব বাড়ানোর চেষ্টা ব্রিকসের।

পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো নীতির বিরুদ্ধে ঐক্য প্রদর্শনের চিন্তা।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন জোটের নেতারা। নয়াদিল্লিতে গতকাল শনিবার দুই দিনের এ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। জোটের বৈশ্বিক প্রভাব বৃদ্ধি করাই এ সম্মেলনের মূল লক্ষ্য বলে জানা গেছে।
এমন এক সময়ে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরান যুদ্ধ ছয় মাস পেরিয়েও সমঝোতার কোনো আভাস নেই। এ যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত জটিল আকার ধারণ করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলে তাদের অবস্থান সংহত করেছে। ব্রিকস জোটের দুই সদস্য ইরান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরাসরি এ সংঘাতের শিকার। ব্রিকসের সদস্যরা ওই দুই দেশের মতপার্থক্য কমিয়ে আনতেও কাজ করছে।