অস্ট্রেলিয়ার কেরি–লি গোকেল। জন্ম থেকেই দুই হাত নেই। তবে এ শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। শুধু পায়ের সাহায্যে সাঁতার কেটে গড়েছেন বিশ্ব রেকর্ড।
২০২৫ সালের ২১ আগস্ট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইয়েপুন উপকূলের কাছে অবস্থিত গ্রেট কেপেল দ্বীপের চারপাশে সাঁতার কাটেন গোকেল। দ্বীপটির স্থানীয় নাম ওয়পা। সব মিলিয়ে তিনি সাঁতার কাটেন ২০ দশমিক ৪ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবন্ধিতা শ্রেণি এএ৩–এর আওতায় এটিই এখন পর্যন্ত দীর্ঘতম সাঁতার।
এএ৩ শ্রেণিতে সাঁতারুরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ভেসে থাকার সহায়ক সরঞ্জাম ব্যবহার করতে পারেন। নিরাপত্তার প্রয়োজনে সহায়তাও নেওয়া যায়। গোকেল সাঁতার কাটার সময় তাঁর সঙ্গে ছিলেন আরেক সাঁতারু জোয়েপ বুইস। বিপদে পড়লে সহায়তা করার পাশাপাশি পানির মধ্যে তাঁকে খাবার ও পানীয় দেওয়ার কাজ করেছেন তিনি।