এমন বিয়ে ভূভারতে কেউ কি কখনো দেখেছে, যে বিয়েতে চার লাখ লোকের জন্য ভোজের এলাহি ব্যবস্থা করা হয়েছে, ৩০ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গুলাব জামুন তৈরি করা হয়েছে? মিষ্টি তৈরির জন্য দুধ বোঝাই ট্যাংকার এনে রাখা হয়েছে হেঁসেলে? খাবার তৈরির জন্য ভাড়া করা হয়েছে ৫০০ পাচক, খোঁড়া হয়েছে ৩০০ উনুন? কেউ কি কোনো দিন দেখেছে, একটা বিয়ে উপলক্ষে তৈরি করা হয়েছে ছয়টি হেলিপ্যাড, যাতে ভিআইপিরা সহজেই আসতে পারেন? বিয়ের মণ্ডপ তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে ১০ বিঘা জমি, মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে নিউজিল্যান্ড থেকে আনা টিউলিপ এবং চীন ও দুবাই থেকে আনা অন্য নানা ধরনের ফুলের সঙ্গে বাহারি সব গাছ, যা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। কেউ কি কোনোকালে দেখেছে, ১৫১টি গাড়ি চেপে বরযাত্রীদের হাজির হতে?