নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চান না, তিন কৌশলের ছক, ইরানও টার্গেট
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলেও নানা কৌশলে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী জোটের সঙ্গে তাঁর দলের ঐক্যের সরকার গঠন, সেটা না পারলে বিরোধী জোটে ভাঙন ধরি
লেখক মো. মাহফুজার রহমান সরকার··22K বার পড়া
নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চান না, তিন কৌশলের ছক, ইরানও টার্গেট
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলেও নানা কৌশলে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী জোটের সঙ্গে তাঁর দলের ঐক্যের সরকার গঠন, সেটা না পারলে বিরোধী জোটে ভাঙন ধরিয়ে আইজেনকটের সরকার গঠনপ্রক্রিয়া ব্যর্থ করতে চান তিনি।
ইসরায়েলের বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি সফল হলে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজবে। কিন্তু থেমে নেই নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া এই নেতা ছক কষছেন, বিকল্প খুঁজছেন। তিন কৌশল নিয়ে এগোচ্ছেন তিনি। এর একটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে ইরানে আবার হামলা চালানো।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ ও গাদি আইজেনকটের জোট ৪৮ আসন পায়। আর ইসরায়েলি-আরব নেতাদের জোট জয়েন্ট লিস্ট ১১টি ও আরব নেতা মনসুর আব্বাসের দল রাআম ৮টি আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।
নির্বাচনের ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী রাজনৈতিক দল ও জোটগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ। সেই আলোচনায় আইজেনকটকে সরকার গঠন করতে আমন্ত্রণ জানানোর সুপারিশ করে যতগুলো দল ও জোট, তাদের মোট ৬৭ আসন। ফলে নেতানিয়াহুর জোট বেশি আসন পেলেও আইজেনকটকেই সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট।
সরকার গঠনের আগে পার্লামেন্টে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হয়। নেতানিয়াহুর মনোনীত প্রার্থীকে হারিয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন আইজেনকটের ঘনিষ্ঠ বলে পরিচিত মাতান কাহানা। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি। কাহানা ও তিবির নির্বাচিত হওয়া ইঙ্গিত দেয় আইজেনকট হয়তো সরকার গঠনে সফল হতে চলেছেন।
কিন্তু নেতানিয়াহু কি চুপ থাকবেন? ইসরায়েলবিষয়ক লেখক ও বিশ্লেষক মায়সারা বাহর সম্প্রতি আল-জাজিরাকে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহু যা কিছু প্রয়োজন, তা-ই করতে পারেন।
নেতানিয়াহুর হাতে মূলত তিনটি বিকল্প আছে বলে মনে করেন ইসরায়েলি লেখক ও হারেৎজ পত্রিকার সাবেক সম্পাদকীয় লেখক আকিভা এলদার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় লেখা নিবন্ধে আকিভা এলদার তা তুলে ধরেছেন। নির্বাচনের পর থেকে নেতানিয়াহুর কর্মকাণ্ডের ওপর নজর রাখলে স্পষ্ট হয় সেই তিন কৌশলে এগোচ্ছেন তিনি। এগুলো হলো—
১. আইজেনকটের জোটের সঙ্গে ঐক্যের সরকার গঠন নিশ্চিত করে তাতে যোগ দেওয়া।
২. বিরোধী জোটের সমর্থক দলগুলোতে বিভক্তি সৃষ্টি করে সরকার গঠন ব্যর্থ করে দিয়ে নতুন পার্লামেন্ট নির্বাচন নিশ্চিত করা।
৩. ট্রাম্পকে রাজি করিয়ে ইরানে নতুন করে হামলা চালানো। তখন যুদ্ধ পরিস্থিতি দেখিয়ে নেতানিয়াহু জরুরি সরকার বা ঐক্যের সরকার গঠনে বাধ্য করতে পারবেন বিরোধী জোটকে। এতে বিরোধী জোটের একক সরকার গঠনপ্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে।
আইজেনকটের সঙ্গে ঐক্যের সরকার গড়তে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। বেশ কয়েক দফা আলোচনা চললেও কোনো চুক্তি বা সমঝোতা এখনো হয়নি। আইজেনকট বিভিন্ন সময় বলেছেন, নেতানিয়াহু দল বা জোটের কোনো আইনপ্রণেতা বিরোধী জোটের মূলনীতিতে আস্থা রেখে তাদের সঙ্গে যোগ দিতে চাইলে সেটা করতে পারবে। তবে সেটা নেতানিয়াহুকে ছাড়া। তবে দুই পক্ষের আলোচনা চলমান।
নেতানিয়াহুর দলের সঙ্গে আইজেনকটের দল আলোচনা শুরু করায় ক্ষুব্ধ বিরোধী জোটের আরেক নেতা ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান। তিনি আইজেনকটের দলের সঙ্গে তাঁর দলের আলোচনার প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছেন।
তবে এই আলোচনা শুরু করে স্বস্তিতে নেই আইজেনকট। বিষয়টি নিয়ে বিরোধী জোটের ভেতরে মতবিরোধ বেড়েছে। এটাই তো চেয়েছিলেন নেতানিয়াহু! এ মতবিরোধ প্রমাণ করে যে ঐক্যের প্রস্তাব দিয়ে নেতানিয়াহু একসঙ্গে দুই কৌশল সক্রিয় করতে সক্ষম হয়েছেন।
নেতানিয়াহুর দ্বিতীয় কৌশল বিরোধী জোটে ভাঙন ধরানো। সেই কাজ করে চলেছেন তিনি। ইতিমধ্যে আইজেনকটের জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনু পার্টির আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিংয়ের কথা বলে এই বৈঠকের আয়োজন করলেও মূলত সরকার গঠন ছিল প্রধান আলোচনার বিষয়।
এর মধ্যে নাফতালি বেনেট ওই বৈঠকের আগে আইজেনকটের জোটের সবার কাছে বিষয়টি গোপন করেন। বিষয়টি নিয়ে সন্দেহ–অবিশ্বাস তৈরি হয়। পরে বেনেট বলেছেন, তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। তবে অন্তত শুরুতে সেই সরকারের প্রধানমন্ত্রী হতে হবে আইজেনকটকে। তবে নেতানিয়াহুকে নিয়ে কোনো ঐক্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লিবারম্যান। তিনি এটিকে ‘ফাঁদ’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘পৃথিবী উল্টে গেলেও আমি নেতানিয়াহুর সঙ্গে সরকারে যাব না।’
আর নেতানিয়াহুর দলের সঙ্গে আইজেনকটের দল আলোচনা শুরু করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী জোটের আরেক নেতা ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান। তিনি আইজেনকটের দলের সঙ্গে তাঁর দলের আলোচনার প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছেন।
নেতানিয়াহুর নিজের জোট গড়ার দরকার নেই। আইজেনকটকে জোট গড়তে না দিলেই আপাতত তাঁর পদ টিকে থাকতে পারে।
এদিকে আরব দলগুলো আইজেনকটের সরকারে সরাসরি যোগ না দিলেও বাইরে থেকে সমর্থন দেওয়ার নীতি নিয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জয়েন্ট লিস্ট ও রাআম আইজেনকটকে সরকার গঠনের আহ্বান জানানোর সুপারিশ করেছে। তাতে সরকার গঠনে প্রয়োজনীয় ৬১ আসনের জায়গায় আইজেনকটের হয়েছে ৬৭ আসন। নেতানিয়াহু প্রকাশ্যে বক্তৃতায় আরব নেতাদের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা বললেও তাঁদের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন।
আইজেনকটকে সমর্থন না দিয়ে সরকার গঠনপ্রক্রিয়া ব্যর্থ করার প্রস্তাব তিনি দিয়েছেন জয়েন্ট লিস্টের নেতা নতুন ডেপুটি স্পিকার আহমেদ তিবি ও রাআম নেতা মনসুর আব্বাসকে। এই দুই আরব নেতাই নেতানিয়াহুর গোপন যোগাযোগের তথ্য ফাঁস করে দিয়েছেন। এই যোগাযোগের কথা স্বীকারও করেছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক নেতা।
জেরুজালেম সেন্টার ফর স্টাডিজ অন ইসরায়েলি অ্যাফেয়ার্সের গবেষক ইয়াসের মান্না আল–জাজিরাকে বলেছেন, নেতানিয়াহুর নিজের জোট গড়ার দরকার নেই। আইজেনকটকে জোট গড়তে না দিলেই আপাতত তাঁর পদ টিকে থাকতে পারে। মান্নার মতে, বড় আকারের নতুন সংঘাত জাতীয় ঐক্যের সরকারের চাপ বাড়াতে পারে বা জোট-আলোচনার অগ্রাধিকার বদলে দিতে পারে।
নেতানিয়াহুর তৃতীয় কৌশল হলো ইরানে হামলা চালনো। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর আরও এক দফা হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন নেতানিয়াহু। আবার পুরোদমে যুদ্ধ শুরু হলে তা তাঁকে একটি জরুরি সরকার গঠন করতে সাহায্য করতে পারে।
কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক আহরন ব্রেগম্যান আল-জাজিরাকে বলেছেন, নেতানিয়াহু মরিয়া। তাঁর আচরণ দেখে মনে হয়, তিনি জানেন এবার তাঁর রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ব্রেগম্যানের মতে, আবার যুদ্ধ বাধিয়ে সেটাকে সংকটের সময় দেখিয়ে ঐক্যের সরকার গড়তে আইজেনকটের জোটকে বাধ্য করতে পারেন নেতানিয়াহু। সম্ভবত সেই কৌশল নিয়ে এগোচ্ছেন তিনি।
এরই মধ্যে নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন মতে, ১৩ নভেম্বর ওয়াশিংটনে ছিলেন গোফম্যান। ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তাঁকে সেখানে পাঠানো হয়।
নেতানিয়াহু মরিয়া। তাঁর আচরণ দেখে মনে হয়, তিনি জানেন এবার তাঁর রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
আহরন ব্রেগম্যান, কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মোসাদপ্রধান ওয়াশিংটনে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন। মিয়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর।
একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, মোসাদপ্রধানকে ওয়াশিংটনে পাঠানোর আগে ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপে ইরান যুদ্ধ নিয়ে কথা হয়েছে।
মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের কথা সম্ভবত গোপন রাখতে চেয়েছিলেন নেতানিয়াহু। তাই মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আইজেনকটের কাছে গোপন রাখা হয়েছিল।
নেতানিয়াহুর বিরোধীরা আশঙ্কা করছেন, নতুন সরকার গঠন ঠেকাতে তিনি ইরানে আবার হামলা বা সংঘাত বাধাতে চান। আইজেনকট বলেছেন, নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ইরানের তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না। বরং ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংস বা সরিয়ে নেওয়া হয়নি, সেগুলোর ওপরই ইসরায়েলের মনোযোগ দেওয়া উচিত।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সেনাবাহিনীকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করতে বলেছে। নেতানিয়াহুর নিয়োগ দেওয়া শীর্ষ কর্মকর্তারা অবিলম্বে যুদ্ধ শুরুর পক্ষে। তবে সেনাপ্রধান এয়াল জামিরের মত, যুদ্ধে জড়ানোর আশু প্রয়োজনীয়তা এখন নেই।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেন, নেতানিয়াহুর লক্ষ্য উসকানি দিয়ে ইরানকে পাল্টা জবাব দিতে বাধ্য করা এবং এমন এক যুদ্ধ শুরু করা, যা ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে ব্যাহত করবে বা আটকে দেবে। এই একই উদ্দেশ্যে লেবানন, গাজা বা পশ্চিম তীরকেও ব্যবহার করা হতে পারে।
লেবানন, গাজা ও পশ্চিম তীরে অবশ্য ইসরায়েলি সেনারা নিয়মিত নৃশংসতা চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের নৃশংসতাও বেড়েছে।