ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে। তারিখ ১৯৪২ সালের ১৬ আগস্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সকালটা ছিল মেঘলা। তবে আবহাওয়া খারাপ ছিল না। সান ফ্রান্সিসকো উপসাগরের ট্রেজার আইল্যান্ড থেকে সকাল ছয়টার দিকে আকাশে উড়ল ম
লেখক কাজী আলিম-উজ-জামান··67K বার পড়া
ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে। তারিখ ১৯৪২ সালের ১৬ আগস্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সকালটা ছিল মেঘলা। তবে আবহাওয়া খারাপ ছিল না। সান ফ্রান্সিসকো উপসাগরের ট্রেজার আইল্যান্ড থেকে সকাল ছয়টার দিকে আকাশে উড়ল মার্কিন নৌবাহিনীর একটি ছোট আকাশযান। নাম এল-৮। এতে ছিলেন দুই নৌ কর্মকর্তা—লেফটেন্যান্ট আর্নেস্ট ডিউইট কোডি ও এনসাইন চার্লস এলিস অ্যাডামস।
এটি সাধারণ কোনো বিমান ছিল না। হিলিয়াম গ্যাসে ভরা বেলুনসদৃশ আকাশযান, যাকে বলা হয় ব্লিম্প। নিচে ঝুলন্ত একটি কক্ষে বসে চালকেরা এটি পরিচালনা করতেন। ওই কক্ষের নাম গন্ডোলা বা কন্ট্রোল কার।
তাঁদের দায়িত্ব ছিল সমুদ্রের ওপর টহল দেওয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে জাপানি সাবমেরিনের উপস্থিতি নিয়ে উদ্বেগ ছিল। শত্রুর ডুবোজাহাজের সন্ধান পেলে আক্রমণ করার জন্য এল-৮-এ ছিল গভীর সমুদ্রে নিক্ষেপযোগ্য বোমা।
সেদিনের অভিযানও ছিল নিয়মিত টহলের অংশ। নির্ধারিত সময় শেষে আকাশযানটির ঘাঁটিতে ফিরে আসার কথা। কিন্তু সেই যাত্রা যে এক অমীমাংসিত রহস্যের জন্ম দেবে, তা তখন কেউ ভাবেননি।
শেষ বেতারবার্তা
উড্ডয়নের প্রথম দেড় ঘণ্টা বিশেষ কিছু ঘটেনি। সমুদ্রের ওপর দিয়ে উড়তে উড়তে একপর্যায়ে দুই কর্মকর্তা পানিতে অস্বাভাবিক কিছু দেখতে পেলেন। সেটি ছিল তেলের মতো একটি আস্তরণ। সমুদ্রের ওপর এমন আস্তরণ কখনো কখনো শত্রুপক্ষের সাবমেরিনের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। তাই তাঁরা বিষয়টি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন।
সকাল ৭টা ৫০ মিনিটে আকাশযান থেকে ঘাঁটিতে বেতারবার্তা পাঠানো হলো। বার্তায় জানানো হলো, পানিতে সন্দেহজনক তেলের আস্তরণ দেখা গেছে। সেটি পরীক্ষা করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় তথ্য জানানো হবে। সেটিই ছিল বাইরের পৃথিবীর কাছে তাঁদের পাঠানো শেষ বার্তা।
তারপর কী ঘটেছিল
নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময় পরপর আকাশযানটির অবস্থান জানানোর কথা ছিল। কিন্তু পরবর্তী বেতারবার্তা এল না। প্রথমে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। হয়তো বেতারযন্ত্রে সমস্যা হয়েছে, এমনটাই ভেবেছিলেন ঘাঁটির কর্মকর্তারা।
কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। আকাশযানটির খোঁজে পাঠানো হয় অনুসন্ধানী বিমান। এরই মধ্যে একটি সামরিক ঘাঁটি থেকে খবর এল, এল-৮ সেখানে নেমেছে এবং দুই কর্মকর্তা আকাশযান থেকে বেরিয়ে গেছেন। পরে জানা গেল, খবরটি ভুল।
সমুদ্রের ওপর এল-৮-কে দেখেছিলেন কয়েকটি জাহাজের নাবিকেরা। তাঁদের কেউ কেউ আকাশযানটিকে তেলের আস্তরণের ওপর চক্কর দিতে দেখেছিলেন। তদন্তকারী কর্মকর্তারা পরে জানতে পারেন, তেলের আস্তরণের অবস্থান চিহ্নিত করতে সেখান থেকে দুটি ধোঁয়ার সংকেতও ফেলা হয়েছিল। এরপর আকাশযানটি আবার ওপরে উঠে যায়।
একটি যাত্রীবাহী উড়োজাহাজের পাইলটও আকাশে এল-৮-কে দেখেছিলেন। অনুসন্ধানী একটি বিমান সেটিকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় দেখতে পায়। এটি ছিল আকাশযানটির স্বাভাবিক উড্ডয়ন উচ্চতার প্রায় দ্বিগুণ। কিন্তু দুই কর্মকর্তা তখন কোথায়, তা কেউ জানতেন না।
খালি আকাশযান সৈকতে
বেলা প্রায় ১১টা। ক্যালিফোর্নিয়ার ডেলি সিটির কাছের একটি সমুদ্রসৈকতে কয়েকজন মানুষ অদ্ভুত একটি দৃশ্য দেখতে পেলেন। আকাশ থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে একটি আকাশযান। সেটি সৈকতে এসে পড়ল। সেখানে থাকা কয়েকজন দ্রুত ছুটে গিয়ে সেটিকে আটকে রাখার চেষ্টা করলেন।
তাঁরা ভেবেছিলেন, ভেতরে থাকা চালকদের হয়তো উদ্ধার করতে হবে। কিন্তু কাছে গিয়ে দেখলেন, আকাশযানটির ভেতরে কেউ নেই।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে আসেন। প্রথমে তাঁরা ভেবেছিলেন, হয়তো দুই কর্মকর্তা আঘাত পেয়েছেন এবং আকাশযানের কোনো অংশে আটকে আছেন। কিন্তু তল্লাশি চালিয়েও তাঁদের সন্ধান পাওয়া গেল না।
এল-৮-এর নিয়ন্ত্রণকক্ষের দরজা খোলা ছিল। ভেতরে আগুন লাগার বা বড় ধরনের সংঘর্ষের কোনো চিহ্ন নেই। বেতারযন্ত্রও সচল ছিল। দুই কর্মকর্তার প্যারাস্যুট যথাস্থানে রাখা ছিল। তাঁদের ব্যবহারের জন্য থাকা লাইফ র্যাফটও পাওয়া যায়।
তবে দুটি জিনিস পাওয়া গেল না। সেগুলো হলো দুই কর্মকর্তার লাইফজ্যাকেট।
সমুদ্রের ওপর টহল দেওয়ার সময় লাইফজ্যাকেট পরা ছিল নিয়ম। তাই ধারণা করা হয়, দুই কর্মকর্তার গায়েই তা ছিল।
তাহলে কি তাঁরা সমুদ্রে পড়ে গিয়েছিলেন?
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়।
এল-৮ সৈকতে নামার পর আবার আকাশে উঠে ডেলি সিটির দিকে ভেসে যায়। চালক না থাকায় বাতাসের গতিপথ অনুসরণ করেই সেটি এগোচ্ছিল। এ ধরনের ব্লিম্পের পক্ষে চালক ছাড়াও আকাশে ভেসে থাকা সম্ভব, যদি গ্যাসভর্তি আবরণটি অক্ষত থাকে।
এ সময় আকাশযানটির আকৃতি ক্রমেই বদলে যাচ্ছিল। হিলিয়াম গ্যাস বেরিয়ে যাওয়ায় সেটি কিছুটা চুপসে যাচ্ছিল। মাটিতে থাকা শত শত মানুষ সেটির গতিবিধি দেখছিলেন। কেউ কেউ ছবি তোলেন। একজন প্রত্যক্ষদর্শী আকাশযানটির বিকৃত আকৃতিকে বড়সড় ভাঙা সসেজের সঙ্গে তুলনা করেছিলেন।
কিন্তু প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বক্তব্যে মিল ছিল না। কেউ বলেছিলেন, আকাশযানটির ভেতরে কাউকে দেখা যায়নি। ঘোড়ায় চড়ে ঘুরতে বের হওয়া এক নারী দাবি করেছিলেন, দুরবিন দিয়ে তিনি ভেতরে দুজন নয়, তিনজন মানুষকে দেখেছেন। আবার কেউ কেউ প্যারাস্যুটে মানুষ নামতে দেখার কথাও জানিয়েছিলেন।
এত ভিন্ন ভিন্ন বক্তব্যের মধ্যে কোনটি সত্য, তা নিশ্চিত করা যায়নি।
এদিকে এল-৮ ডেলি সিটির একটি আবাসিক সড়কে আছড়ে পড়ে। পথে কয়েকটি বাড়ির ছাদে ধাক্কা লাগে, ছিঁড়ে যায় বিদ্যুতের তার। গভীর সমুদ্রে নিক্ষেপযোগ্য একটি বোমাও আকাশযানটি থেকে হারিয়ে গিয়েছিল। পরে সেটি কাছের একটি গলফ মাঠে পাওয়া যায়।
একে একে সামনে এল নানা তত্ত্ব
দুই কর্মকর্তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নানা ধরনের ব্যাখ্যা সামনে আসতে থাকে।
একটি ধারণা ছিল, জাপানি সাবমেরিনের নাবিকেরা তাঁদের ধরে নিয়ে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে জাপানি সাবমেরিনের তৎপরতা ছিল বলে এমন সন্দেহের জন্ম হয়। কেউ কেউ মনে করেছিলেন, হয়তো কোনো জাহাজ তাঁদের উদ্ধার করেছে।
আরেকটি ধারণা ছিল, আকাশযানে হয়তো কোনো অনুপ্রবেশকারী লুকিয়ে ছিলেন। তিনি দুই কর্মকর্তাকে হত্যা করে নিজেও কোনোভাবে পালিয়ে গেছেন। এমনকি দুই কর্মকর্তার মধ্যে ব্যক্তিগত বিরোধের জেরে একজন অন্যজনকে হত্যা করেছিলেন, এমন কল্পনাও ছড়িয়েছিল। ভিনগ্রহের বাসিন্দাদের অপহরণের তত্ত্বও বাদ যায়নি।
তবে নৌবাহিনীর তদন্তকারী কর্মকর্তারা অপেক্ষাকৃত সাধারণ একটি ব্যাখ্যার দিকে ঝুঁকেছিলেন।
একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনও কি পড়ে গেলেন
তদন্তকারীদের ধারণা ছিল, হয়তো কোনো কারণে একজন কর্মকর্তা আকাশযানের বাইরে ঝুঁকেছিলেন। তেলের আস্তরণ দেখতে গিয়ে কিংবা যন্ত্রপাতি পরীক্ষা করতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যেতে পারেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে অন্য কর্মকর্তাও পড়ে গিয়ে থাকতে পারেন।
এটি অসম্ভব নয়। কারণ, এল-৮-এর নিয়ন্ত্রণকক্ষের দরজা খোলা পাওয়া গিয়েছিল। দুই কর্মকর্তার লাইফজ্যাকেটও ছিল না। তাঁদের কেউ সমুদ্রে পড়ে গেলে অন্যজন উদ্ধারের চেষ্টা করতে পারেন।
নৌবাহিনীও এই ব্যাখ্যাকে সম্ভাব্য মনে করেছিল। তবে তারা স্বীকার করেছিল, এটি প্রমাণিত ঘটনা নয়, অনুমানমাত্র।
বিমান চলাচল ইতিহাসবিদ ড্যান গ্রসম্যান অবশ্য এই ব্যাখ্যার একটি দুর্বল দিক তুলে ধরেছেন। তাঁর মতে, একজন কর্মকর্তা দুর্ঘটনাবশত সমুদ্রে পড়ে গেলে অন্যজনের আকাশযানে থেকে বেতারযন্ত্রের সাহায্যে উদ্ধারের খবর দেওয়া এবং সহকর্মীর অবস্থান চিহ্নিত করার কথা।
তাঁর যুক্তি, নৌবাহিনীর সদস্যদের মধ্যে জাহাজ বা দায়িত্বের জায়গা ছেড়ে না যাওয়ার একটি দৃঢ় মানসিকতা থাকে। প্রয়োজন ছাড়া তাঁরা জাহাজ পরিত্যাগ করেন না। মার্কিন নৌবাহিনীর অনানুষ্ঠানিক মূলমন্ত্রও হলো, ‘ডোন্ট গিভ আপ দ্য শিপ’, অর্থাৎ জাহাজ ছেড়ে যেয়ো না।
তাহলে একজন পড়ে গেলে অন্যজন কেন তাঁকে উদ্ধার করতে গিয়ে নিজেও সমুদ্রে ঝাঁপ দেবেন? এই প্রশ্নেরও উত্তর মেলেনি।
নৌবাহিনী কয়েক দিন ধরে সান ফ্রান্সিসকোর উপকূলীয় জলসীমায় অনুসন্ধান চালায়। কিন্তু দুই কর্মকর্তার মরদেহ, তাঁদের লাইফজ্যাকেট কিংবা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি।
আকাশযানটির কী হয়েছিল
বিধ্বস্ত হওয়ার পর আকাশযানটি উদ্ধার করে মেরামত করা হয়। যুদ্ধের বাকি সময় নৌবাহিনীর কাজেই ব্যবহার করা হয়েছিল এল-৮। যুদ্ধ শেষে সেটি আবার গুডইয়ার কোম্পানির কাছে ফিরিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি পরে আকাশযানটির গন্ডোলা অন্য একটি ব্লিম্পে ব্যবহার করে। সেটির নাম ছিল ‘আমেরিকা’।
১৯৮২ সালে ‘আমেরিকা’ অবসরে যাওয়ার পর গন্ডোলাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পেনসাকোলায় ন্যাশনাল মিউজিয়াম অব নেভাল এভিয়েশনে পাঠানো হয়। বর্তমানে সেখানে সেটি প্রদর্শিত হচ্ছে।
দুই কর্মকর্তার পরিণতি জানা যায়নি আজও
এল-৮-এর দুই চালক লেফটেন্যান্ট আর্নেস্ট ডিউইট কোডি ও এনসাইন চার্লস এলিস অ্যাডামস ছিলেন অভিজ্ঞ নৌ কর্মকর্তা। দুজনই বিবাহিত ছিলেন। তাঁদের চাকরির রেকর্ডও ছিল ভালো। তবে বয়স ও অভিজ্ঞতায় তাঁদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল।
কোডির জন্ম ১৯১৪ সালের ২২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মেইভিলে। ১৯৩৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতক হন। পড়াশোনা শেষে বিভিন্ন নৌযানে দায়িত্ব পালন করেন। পরে নৌবাহিনীর আকাশযান চালানোর প্রশিক্ষণ নেন। ১৯৪১ সালের ডিসেম্বরে তিনি নৌবাহিনীর আকাশযানের পাইলট হিসেবে স্বীকৃতি পান।
মাত্র ২৭ বছর বয়সে এল-৮-এর দায়িত্ব পান কোডি। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে তিনি ছিলেন দক্ষ পাইলট ও যোগ্য নৌ কর্মকর্তা। স্বভাবেও ছিলেন শান্ত। চাপের মুখে সহজে বিচলিত হতেন না।
কোডির কর্মজীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছিল ১৯৪২ সালের এপ্রিলে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছিল।
টোকিওতে বোমা হামলার জন্য বিমানবাহী রণতরি ইউএসএস হর্নেটের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে হয়েছিল। এল-৮ নিয়ে সেই দায়িত্ব পালন করেন কোডি। চলন্ত রণতরির ওপর আকাশযানটি স্থির রেখে প্রায় ৩০০ পাউন্ড সরঞ্জাম নিচে নামিয়েছিলেন তিনি। এটি ছিল বেশ দক্ষতার কাজ।
অন্যদিকে চার্লস অ্যাডামস ছিলেন বয়সে বড় এবং আকাশযান চালানোর অভিজ্ঞতায় অনেক এগিয়ে। তাঁর বয়স ছিল ৩৮ বছর। হালকা গ্যাসে ভাসমান আকাশযান চালানোর অভিজ্ঞতা ছিল প্রায় ২০ বছরের।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বড় আকারের আকাশযান পরিচালনা কর্মসূচির সঙ্গেও যুক্ত ছিলেন অ্যাডামস। ইউএসএস লস অ্যাঞ্জেলেস, ইউএসএস অ্যাক্রন ও ইউএসএস ম্যাকনের মতো বিখ্যাত আকাশযানে দায়িত্ব পালন করেছিলেন।
একটি মজার তথ্য হলো, এল-৮ চালানোর দায়িত্বে থাকা কোডির চেয়ে অ্যাডামসের আকাশযান চালানোর অভিজ্ঞতা ছিল প্রায় তিন গুণ। কোডির অভিজ্ঞতা ছিল ৭৫৬ ঘণ্টা, আর অ্যাডামসের ২ হাজার ২৮১ ঘণ্টা। তবে পদমর্যাদায় কোডি ছিলেন জ্যেষ্ঠ।
অ্যাডামসের কর্মজীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল জার্মানির বিখ্যাত আকাশযান হিনডেনবার্গের দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা। ওই দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধারে ভূমিকা রাখায় জার্মান সরকারের কাছ থেকে তিনি সম্মাননাও পেয়েছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ আছে।
অদ্ভূত ব্যাপার হলো, ১৯৪২ সালের ১৬ আগস্ট উড্ডয়নের আগের দিনই অ্যাডামস নৌবাহিনীতে এনসাইন পদে কমিশন পেয়েছিলেন। অর্থাৎ, দীর্ঘদিন আকাশযান চালানোর অভিজ্ঞতা থাকলেও কর্মকর্তা হিসেবে সেটিই ছিল তাঁর প্রথম টহল অভিযান।
কিন্তু সেই অভিযানই হয়ে রইল তাঁর জীবনের শেষ জানা অধ্যায়।
কোডি ও অ্যাডামস নিখোঁজ হওয়ার পর তাঁদের স্ত্রীদের বিষয়টি জানায় নৌবাহিনী। দীর্ঘ অনুসন্ধানেও দুই কর্মকর্তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১৯৪৩ সালে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
সেদিন সমুদ্রের ওপর ঠিক কী ঘটেছিল? দুই কর্মকর্তা কি সত্যিই আকাশযান থেকে পড়ে গিয়েছিলেন? নাকি এমন কিছু ঘটেছিল, যার কোনো চিহ্নই তাঁরা রেখে যেতে পারেননি?
আট দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেই ‘ভুতুড়ে আকাশযান’ এবং তার দুই চালকের অন্তর্ধান রহস্যের সমাধান আজও হয়নি।
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ন্যাশনাল মিউজিয়াম অব নেভাল এভিয়েশন ও স্মিথসোনিয়ান সাময়িকী।