জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক স্মরণীয় হয়ে থাকবেন তাঁর কর্মনিষ্ঠা, আধুনিক দৃষ্টিভঙ্গি, নীতিতে অটল থাকা ও সবার প্রতি সহযোগী মনোভাবের কারণে। সহকর্মী, অনুজ, পরিচিতজনেরা এভাবেই মনে রাখবেন তাঁকে।
প্রথম আলোর টোকিও প্রতিনিধি মনজুরুল হক জাপানের রাজধানী টোকিওতে নিজ বাড়িতে গতকাল রোববার মারা যান। দলমত-নির্বিশেষে জাপানপ্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার মানুষ; জাপানিসহ টোকিওতে কর্মরত বিদেশি সাংবাদিকদের কাছে ছিলেন প্রিয় আলোকিত ব্যক্তিত্ব।