রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর তাকে আটক করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর রাশিয়ার নাগরিক। এফএসবির ভাষ্য অনুযায়ী, সে টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করেছিল। ছবিতে তার হাতে একটি অস্ত্রও ছিল।