ভোট চুরি রুখতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আদায় করে দেশ ও সংবিধান বাঁচানোর শপথ নিলেন ভারতের মোদিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। আজ রোববার রামলীলা ময়দানের ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ বিক্ষোভ সমাবেশে প্রত্যেকেই বললেন, এটা কোনো একটি দলের লড়াই নয়; কোনো বিশেষ মতাবলম্বীদের লড়াই নয়; এটা গণতন্ত্রপ্রিয় প্রত্যেক ভারতীয়র সংগ্রাম। জ্ঞানেশ কুমারকে সরানোর পর সেই সংগ্রামের লক্ষ্য নরেন্দ্র মোদি-অমিত শাহদের ক্ষমতাচ্যুত করে দেশের গণতন্ত্র রক্ষা করা।