ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটাতে আরব-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’–এর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। সম্ভাব্য জোট সরকার গঠনের বিষয়ে তিনি জয়েন্ট লিস্টের দুই নেতা ইউসেফ জাবারিন ও আহমাদ তিবির সঙ্গে কথা বলেছেন। হাদাশ, তাআল ও বালাদ দলের সমন্বয়ে গঠিত এই জোট মূলত আরব–ইসরায়েলি জনগোষ্ঠীর অধিকার নিয়ে রাজনীতি করে।
গত সপ্তাহের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। এর পর থেকে তাঁকে হটাতে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের জোর তৎপরতা চলছে। আইজেনকটের নেতৃত্বাধীন জোটে আছেন গোলান। তিনি আগেই আরেক আরব দল রাআমের চেয়ারম্যান মনসুর আব্বাস এবং অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। নেতানিয়াহুবিরোধী শিবিরের মধ্যে গোলানই একমাত্র নেতা, যিনি সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে প্রকাশ্যে সহযোগিতার পক্ষে অবস্থান নিয়েছেন।