শঙ্কা ছিল, দূষণযুক্ত গাড়ির দিল্লি প্রবেশ নিষিদ্ধ করার কারণে নয়াদিল্লির রামলীলা ময়দানে ভিড় হবে কি না। দেখা গেল, দুপুরের মধ্যেই লাখো মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই আর ছিল না ১২ একরের ময়দান। তখনো ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের নিয়ে হুডখোলা গাড়ি রামলীলা ময়দানে ঢোকেনি। যত মানুষ ময়দানের ভেতরে, দেখা গেল বাইরে তার চেয়ে বেশি। বহু বিক্ষোভকারীকে দেখা যায়, ময়দানে ঢুকতে না পেরে কনট প্লেসের চারপাশে ছড়িয়ে পড়ছেন।
শঙ্কা দেখা দিয়েছিল অন্যত্রও। গতকাল শনিবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইনস্টাগ্রাম বার্তায় জানান, কনট প্লেস–মিন্টো রোডের সংযোগস্থল থেকে তাঁরা মিছিল করে এক কিলোমিটার দূরে রামলীলা ময়দানে যাবেন। দিল্লি পুলিশ জানিয়েছিল, তাদের কাছে জনসভার অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুমতিও দেওয়া হয়েছে। কিন্তু মিছিলের কোনো অনুমতি চাওয়া হয়নি। ফলে প্রশ্ন দেখা দেয়, বিরোধী নেতারা মিছিল করতে চাইলে পুলিশ কী করবে।