World
এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন করেছিলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার ফল পাচ্ছেন প্রবাসী এই ভারতীয়। আট বছরের পুরোনো এক ফৌজদারি মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারি হয়েছে।
লেখক প্রতিনিধি62K বার পড়া
ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন করেছিলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার ফল পাচ্ছেন প্রবাসী এই ভারতীয়। আট বছরের পুরোনো এক ফৌজদারি মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারি হয়েছে।
আজ শনিবার সেই সমন জারি করেছেন দিল্লির সাকেত আদালত। ধ্রুব রাঠি ভারত ছেড়ে বিদেশে চলে যাওয়ায় সেই সমন দিল্লি লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে। আদালতে ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৩ নভেম্বর।
ফৌজদারি মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি, যিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে এক ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে ধ্রুব নাকি দাবি করেছিলেন, বিকাশ বিজেপি আইটি সেলের দ্বিতীয় শীর্ষ কর্তা।



