সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার সৌদিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দেশটিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে এ নির্দেশ দেওয়া হলো।
এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বিঘ্নিত হয়েছে যাতায়াতব্যবস্থা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।