ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তা সত্ত্বেও ইহুদি ভোটারদের বিপুল সমর্থন পাওয়া নেতানিয়াহুকে প্রতিপক্ষরা এখনই ক্ষমতাচ্যুত করার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে তিনিই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ (কোনো কোনো খবরে ৯০ শতাংশ) ভোট গণনা শেষে ইসরায়েলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যম এক পূর্বাভাসে জানিয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেতে পারে। এ জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি কট্টর রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলো।