‘কেবল তাকিয়ে দেখি মার্চপাস্ট, কুচকাওয়াজ, লেফট–রাইট
এই রক্তাক্ত মাটিতে আর ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস’
বন্ধুর এই পৃথিবীতে কোমল ফুলের জন্য এমন হাহাকার কবি মহাদেব সাহার। ‘ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস’ কবিতায় তিনি অস্ত্রের ঝনঝনানির কথা, অস্ত্রের মুখে পৃথিবীর রক্তাক্ত হয়ে ওঠার কথা লিখেছেন। সেই সঙ্গে তাঁর কলমে উঠে এসেছে বেঁচে থাকার আকুতি, অস্ত্রের কঠোরতার বিরুদ্ধে ফুলের মতো কোমল এক পৃথিবীর প্রত্যাশার কথাও।
কবির এমন আকুতি, এমন প্রত্যাশা কি আর সব সময় বাস্তব হয়। কেননা, অস্ত্র মানেই তো ধ্বংস, যুদ্ধ, রক্তপাত ও প্রাণ কেড়ে নেওয়া। সেখানে কোমলতার জায়গা কোথায়? প্রাণভিক্ষার জায়গাই–বা কোথায়?