ফ্রান্স থেকে ইতালি, স্পেন থেকে সার্বিয়া, পর্তুগাল থেকে গ্রিস—বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বিক্ষোভের কেন্দ্রে মূলত তরুণেরা। আরও নির্দিষ্ট করে বললে, জেনারেশন জেড বা জেন–জিরা। তাঁদের ক্ষোভে ইউরোপের অনেক দেশ এখন অগ্নিগর্ভ।
কোথাও অতিরিক্ত খরচে নিম্ন মানের শিক্ষা নিয়ে ক্ষুব্ধ তরুণেরা। কোথাও–বা আবাসনসংকট ও বাড়তি আবাসন ব্যয় নিয়ে ক্ষোভ এই জেন–জিদের রাজপথে নামিয়ে এনেছে। কেউ কেউ শিক্ষা খাতে বাড়তি সরকারি বরাদ্দের দাবিতে সোচ্চার। কেউবা জীবনযাত্রার বাড়তি খরচ নিয়ে হতাশ ও বিক্ষুব্ধ।