World
কলকাতায় বিভিন্ন মণ্ডপের সামনে বইয়ের স্টল ভাঙচুর, হাইকোর্টে মামলা করল সিপিএম
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা ঘিরে বিভিন্ন মণ্ডপের সামনে বামপন্থী দলগুলোর বসানো বইয়ের স্টল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সিপিএমের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত এসব হামলা চালাচ্ছে। এ ঘটনায় প্রতিকার
লেখক প্রতিনিধি38K বার পড়া

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা ঘিরে বিভিন্ন মণ্ডপের সামনে বামপন্থী দলগুলোর বসানো বইয়ের স্টল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সিপিএমের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত এসব হামলা চালাচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেছে দলটি। এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি পার্থ প্রতীম রায় মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।
কলকাতা ও রাজ্যের বিভিন্ন পূজামণ্ডপ ও মেলা প্রাঙ্গণে দীর্ঘ ৬০ বছর ধরে নিয়মিত বইয়ের স্টল দিয়ে আসছে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও এসইউসিআইয়ের মতো বামপন্থী দলগুলো। কংগ্রেস, বামফ্রন্ট কিংবা তৃণমূল সরকারের আমলেও এই দীর্ঘ ঐতিহ্যে কোনো ছেদ পড়েনি। তবে সিপিএম নেতৃত্বের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি নেতৃত্ব আর বাংলায় কমিউনিস্টদের বইয়ের স্টল দিতে দিতে রাজি নয়। এমনকি বিজেপির শীর্ষ পর্যায় থেকে আগেই বামপন্থীদের বইয়ের স্টল না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ বামদের। তাঁদের দাবি, সেই ঘোষণার জেরেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকায় মণ্ডপের কাছে স্টল বসাতে গেলে হামলা চালানো হচ্ছে।



