এখন একটি স্মার্টফোন হাতে থাকা মানে দুনিয়া আক্ষরিক অর্থে আপনার হাতের মুঠোয়। ফোন করা, গান শোনা, ছবি তোলা, সিনেমা দেখা, পড়াশোনা, অফিসের কাজ, বিল দেওয়া, ব্যাংকের হিসাব সামলানো...কত কী করা যায়!
তবে কয়েক দশক আগে চিত্রটা একদম এমনটি ছিল না। তখন কম্পিউটার ছিল মূলত বিজ্ঞানী, প্রকৌশলী ও বড় প্রতিষ্ঠানের সম্পদ, গুরুত্বপূর্ণ কাজের হাতিয়ার। ব্যক্তিগত কম্পিউটারের ধারণাটিও তখনো এতটা জনপ্রিয় হয়নি। মুঠোফোন ছিল মূলত কথা বলা ও বার্তা পাঠানোর জন্য। গান শোনার জন্য ছিল আলাদা যন্ত্র। কম্পিউটার, ফোন ও বিনোদনের জগতের মধ্যে দূরত্ব ছিল স্পষ্ট।