দীর্ঘ প্রতীক্ষার পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে যাচ্ছে বার্সেলোনায়। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের চূড়ান্ত দায়িত্ব পেয়েছে কাতালানদের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু। গ্রিসের থেসালোনিকিতে উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রায় ৩০ বছর পর আবার ইউরোপে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ম্যাচ বসবে কাতালানদের এই ঐতিহাসিক মাঠে।
ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সর্বশেষ স্মৃতি? ১৯৯৯ সালে। কী নাটকীয় এক ফাইনাল! ৬ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া বায়ার্ন মিউনিখ শেষ পর্যন্ত হার মেনেছিল যোগ হওয়া সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জোড়া গোলে।