ফিলিপে কুতিনিওকে মনে আছে?
লিভারপুলের জার্সিতে মাঝমাঠ থেকে উঠে এসে তাঁর বাঁকানো শট, ড্রিবলিং আর দূরপাল্লার গোলে মুগ্ধ হতো ফুটবল বিশ্ব। ২০১৮ সালে সেই কুতিনিওকে পেতে লিভারপুলকে প্রায় ১৬ কোটি ইউরো দিয়েছিল বার্সেলোনা। তখন তাঁকে ভাবা হতো ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত খেলোয়াড়। অথচ কয়েক বছর পর সেই কুতিনিওই হয়ে পড়েছিলেন ক্লাবহীন, তা–ও মাত্র ৩৪ বছর বয়সে।
তবে কুতিনিওর এমন দুর্দিনে এগিয়ে এসেছেন নেইমার। কৈশোরের বন্ধুর জন্য ক্লাব জোগাড়ে হাত বাড়িয়েছেন। আর সেটা সান্তোসেই। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানাচ্ছে, কুতিনিওর সঙ্গে চুক্তির জন্য সমঝোতায় পৌঁছেছে সান্তোস। চুক্তির মেয়াদ হবে এ বছরের ডিসেম্বর পর্যন্ত।
নেইমার ও কুতিনিওর বন্ধুত্ব কৈশোর থেকে। ব্রাজিলের বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলেছেন তাঁরা। এবার নেইমারের চেষ্টাতেই সান্তোসে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছেন কুতিনিও। ও গ্লোবো জানিয়েছে, নেইমার নিজেও প্রকাশ্যে বন্ধুকে সান্তোসে চাওয়ার কথা বলেছেন এবং তাঁর আগমনকে ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেছেন।