আগামী বছর হকির জুনিয়র বিশ্বকাপে খেলতে হলে আজ ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতেই হতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। সেই ম্যাচে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি যুবারা।
৬-২ গোলের বড় হারে শেষ হয়ে গেছে বাংলাদেশের জুনিয়র বিশ্বকাপে খেলার আশা।
জাপান জেতায় আগামীকাল তাঁরা পঞ্চম থেকে ষষ্ঠ হওয়ার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দল হবে টুর্নামেন্টে পঞ্চম আর পরাজিত দল ষষ্ঠ।‎
‎বাংলাদেশের এখন আর মাত্র একটি ম্যাচ বাকি। আগামীকাল সপ্তম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে তারা। জিতলে সপ্তম হবে বাংলাদেশ, আর হারলে অষ্টম। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ হারানো বাংলাদেশ এখন টুর্নামেন্ট শেষ করতে চায় অন্তত সপ্তম হয়ে।