বার্সেলোনায় জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়গুলো পেছনে ফেলে ২০২১ সালে স্পেন ছেড়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন কিংবদন্তির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। তবে স্প্যানিশ ফুটবলের সঙ্গে মেসির সম্পর্ক শেষ হয়নি। স্পেনে আরও একটি ক্লাব কেনার দোরগোড়ায় পৌঁছে গেছেন মেসি।
স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। এই খবর জানিয়েছে ইএসপিএন। তবে এখনো চূড়ান্ত হয়নি এই চুক্তি। আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলো যাচাই করা হবে, এরপর প্রয়োজন হবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন।
আর সবকিছু ঠিক থাকলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের দল কর্নেয়া ক্লাব কেনেন মেসি। কর্নেয়া আধা পেশাদার ক্লাব, তাই এলদেনসে হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব।