এ ম্যাচটা জোসে মরিনিওর জন্য সত্যিই বিশেষ কিছু। পর্তুগিজ কোচ গতকাল সংবাদ সম্মেলনে নিজেই বলেছেন সে কথা, ‘এটা আমার জন্য সাধারণ কোনো ম্যাচ নয়। ইন্টার যদি আমাকে বন্ধু মনে করেও থাকে, তবে তা হবে ম্যাচের আগে ও পরে। ম্যাচের সময় তারা আমাকে নিয়ে এমনটা ভাববে বলে মনে হয় না।’
অবশ্যই না। ম্যাচটা চ্যাম্পিয়নস লিগে। সেটাও আবার দুই দলের জন্য নতুন মৌসুম শুরুর ম্যাচ। এমন ম্যাচে শত্রুশিবিরে অতীতের বন্ধু যদি থেকেও থাকে, সেটা ভুলে যেতে হয়—অন্তত ৯০ মিনিটের জন্য। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান লড়াইয়ে মরিনিওকে ঠিক এভাবেই ভুলে থাকবে ইতালিয়ান ক্লাবটি।