জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ২০২৬–২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে দীর্ঘ বিরতির সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন দেশের শীর্ষ লিগে খেলা ১০টি ক্লাব। তাদের দাবি, ঘন ঘন বিরতিতে খেলা বন্ধ থাকলেও খেলোয়াড়দের বেতন, আবাসন ও অন্যান্য খরচ চালিয়ে যেতে হয়। এতে ক্লাবগুলো আর্থিক চাপে পড়ে, নষ্ট হয় খেলোয়াড়দের ফিটনেস ও খেলার ছন্দ।
এমন আরও কিছু বিষয় তুলে ধরে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ছয় দফা দাবি জানিয়েছে মোহামেডান, আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব, সিটি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, পিডব্লুডি ও ফকিরেরপুল ইয়ংমেনস। তবে চিঠিতে স্বাক্ষর করেনি বসুন্ধরা কিংস, ফর্টিস এফসি ও পুলিশ এফসি।