গত দুই সপ্তাহে পাকিস্তান দলের ইংল্যান্ড সফর যেন এক কমেডি নাটকে রূপ নিয়েছে। আর তা দেখে যদি জেসন গিলেস্পির মুখে একটা তিক্ত হাসির ঝিলিক ফুটে উঠছে। পাকিস্তান ক্রিকেটের ভেতরে কী চরম বিশৃঙ্খলা বাসা বেঁধে থাকে, তা তো আর অস্ট্রেলীয় এই কিংবদন্তির অজানা নয়।
২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গিলেস্পি। কিন্তু মাত্র আট মাস পর, ডিসেম্বরেই তিনি পদত্যাগ করেন। সেই ক্ষত আজও তরতাজা। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ক্ষোভ তো উগড়ে দিয়েছেনই, দলটির প্রধান নির্বাচক আকিব জাভেদকে নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথাও বলেছেন।