Sports
ঝেংয়ের বিপক্ষে ৫–০ তে এগোলেই বিপদ
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচ শেষে অদৃশ্য বার্তাটা সবাই বুঝে নিলেন। ঝেং কিনওয়েনের বিপক্ষে কোনোভাবেই ৫–০ ব্যবধানে এগিয়ে থাকা যাবে না। এর চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না!
লেখক খেলা ডেস্ক47K বার পড়া

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচ শেষে অদৃশ্য বার্তাটা সবাই বুঝে নিলেন। ঝেং কিনওয়েনের বিপক্ষে কোনোভাবেই ৫–০ ব্যবধানে এগিয়ে থাকা যাবে না। এর চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না!
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে এ শিক্ষাই পেয়েছেন ম্যাডিসন কিস। চূড়ান্ত সেটে কিনওয়েনের বিপক্ষে ৫–০ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকে টানা সাতটি গেম জিতে ম্যাচ বের করে নেন প্যারিস অলিম্পিকের এই সোনাজয়ী। গতকাল রাতে একই শিক্ষাই পেলেন ছয়বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ইগা সিওনতেক।
অষ্টম বাছাই পোলিশ তারকা ঝেংয়ের বিপক্ষে প্রথম সেটে ৫–০ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু তারপর যেন ভোজবাজির মতো পাল্টে গেল সবকিছু। পরবর্তী ১৬ গেমের মধ্যে ১৩টি জিতে কোয়ার্টার ফাইনালে ইয়েলেনা রিবাকিনার মুখোমুখি হওয়া নিশ্চিত করেন ঝেং। টানা দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পথে সিওনতেকের বিপক্ষে ঝেং জিতেছেন সরাসরি সেটে (৭–৫, ৬–৩)।


