সাত খেলোয়াড়, দুই কোচ—ইংল্যান্ড সিরিজের মাঝপথে একসঙ্গে নয়জনকে দল থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন পাইকারি পরিবর্তন করা হয়েছে এমন সময়ে, যখন সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খুব বেশি কিছু পাওয়ার নেই, প্রথম দুই টেস্টেই সিরিজ হেরে বসেছে পাকিস্তান।
এভাবে বারবার পরিবর্তন করে পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান হবে না। বরং যা কিছু ঠিকঠাক আছে, সেটিও নষ্ট হওয়ার ঝুঁকি আছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। দুনিয়া নিউজের পডকাস্টে পাকিস্তান ক্রিকেটের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মিসবাহ বলেছেন, চাপের মুখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ‘কসমেটিক সার্জারি’ করার কোনো অর্থ নেই।