লিভারপুল ফল যে একদমই পায়নি, তা নয়।
গত মৌসুমে ২২ ম্যাচে ১০৩৩ মিনিট খেলে করেছিলেন ৪ গোল। অর্থাৎ প্রতি ২৫৮ মিনিটে ১টি গোল। এর মধ্যে প্রিমিয়ার লিগে ৩ গোল, ১৪ ম্যাচে ৭০৩ মিনিট খেলে—প্রতি ২৩৪ মিনিটে ১ গোল। কিন্তু ১২ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ২০৭৮ কোটি টাকা) খরচের ব্রিটিশ রেকর্ড গড়ে কাউকে কেনার পর তাঁর কাছ থেকে এই পারফরম্যান্সকে যে সত্যিকার অর্থে ‘ফল’ বলা যায় না, সেটা লিভারপুলের সমর্থকও মানবেন।
আর্থিক অঙ্কটা দেখে নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন, কার কথা বলা হচ্ছে। সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাক। প্রিমিয়ার লিগে গতকাল রাতে ইপসউইচ টাউনের মাঠে লিভারপুলের ২-০ গোলে জয়ের পর ইসাকের পারফরম্যান্স নিয়ে বিবিসি প্রতিবেদনে লেখা হয়েছে, ‘১২ মাস আগে নিউক্যাসল থেকে (লিভারপুলে) যোগ দেওয়ার পর সুইডিশ স্ট্রাইকারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স।’