পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের রিংয়ে চলছে ঘামঝরানো লড়াই। এক পাশে সেলিম হোসেন ও উৎসব আহমেদ; অন্য পাশে মোহাম্মদ বেলাল ও আবু তালহা। গ্লাভসে গ্লাভসে আঘাত, শরীরের চাপ আর হাঁপিয়ে ওঠা—বাইরে থেকে দেখলে মনে হবে কোনো টুর্নামেন্ট চলছে। অথচ এটি এশিয়ান গেমসের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি।
এই চার বক্সারের দুজন সেলিম ও উৎসব যাচ্ছেন ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে। অন্য দুজন বেলাল ও তালহা তাঁদের সেই যাত্রার ‘অনুশীলন–অংশীদার’। এই চারজনের লড়াইয়ের শুরুটা রাজশাহীর শিরোইল কলোনিতে, যা এখন স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত ‘বক্সিংপাড়া’ নামে।