ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম কড়া নাড়ছে দরজায়। পরশু শেষ হওয়া খেলায়াড় নিবন্ধন শেষে দেখা যাচ্ছে, বাংলাদেশের ক্লাবগুলোতে সাফ অঞ্চলের ফুটবলারদের চাহিদা বেড়েছে। বিশেষ করে হিমালয়কন্যা নেপালের ফুটবলারদের দিকেই বেশি ঝুঁকেছে ক্লাবগুলো। বিদেশি এবং সাফ কোটা মিলিয়ে এবার মোট ৬৫ জন ভিনদেশি ফুটবলার নিবন্ধিত হয়েছেন, যাঁদের মধ্যে সাফ কোটার ১৯ জনের ১৪ জনই নেপালের!
গত মৌসুম থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সার্কভুক্ত দেশের ফুটবলাররা ‘স্থানীয় খেলোয়াড়’ হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রথমবার সাফ কোটায় সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকলেও এবার স্থানীয় খেলোয়াড়দের দাবি মেনে সেটি তিনজন করা হয়েছে। কোটা কমলেও গতবারের তুলনায় এবার এই অঞ্চলের ফুটবলার বেশি আসছেন।