পানাহার, স্লেজিং এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গোঁফ—এই তিনটা মেলালে কোন ক্রিকেটারের কথা মনে হয় আপনার? উত্তর দিতে পারবেন কি না, তা বুঝতে আগে আপনার বয়সটা একটু জেনে নেওয়া দরকার। কারণ, যাঁর কথা বলছি, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর আগে। মানে যদি তাঁর খেলা দেখে থাকেন, তাহলে আপনি অন্তত মধ্যবয়সী তো হবেনই।
তা মার্ভ হিউজ কি শুধুই ওই তিন কারণেই বিখ্যাত? অবশ্যই না। এসব বাড়তি ‘যোগ্যতা’; আসল যে কাজ, সেটিও খারাপ করতেন না। মার্ভ হিউজ ছিলেন দারুণ এক ফাস্ট বোলার। ফাস্ট বোলার বলছি, তবে তা যত না বলের গতিতে, তার চেয়ে বেশি মেজাজে।