বটগাছের নিচে নাকি আর কিছু জন্মায় না। ছায়া এত ঘন, শিকড় এত গভীর যে চারপাশের মাটিতে ঘাসও মাথা তুলতে পারে না। গাছটা মরে গেলে তখন মনে পড়ে, এত বছর সেখানে আর কিছুই যে গজায়নি!
বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার-সংকটের গল্পটা শুরু হতে পারে এই ছবি থেকেই।
জোহানেসবার্গ টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বসে কথাটা বেশ করুণ সুরেই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হন্যে হয়ে একজন অলরাউন্ডার খুঁজছেন। নির্বাচক, কোচ, সবার কাছে ‘অনুরোধ’ করেও নাকি পাচ্ছেন না। নাজমুল বলেছেন, ‘একটাই অনুরোধ, আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না।’