সকালে ‘হ্যাপি বার্থডে’, সন্ধ্যায় ‘গুডবাই’!
জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাত ঘণ্টার মধ্যেই কোচ ইয়ান ইভাটকে ছাঁটাই করেছে ইংলিশ ক্লাব ব্ল্যাকপুল। বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই ডিফেন্ডারের ৪৫তম জন্মদিনের বার্তা দেওয়া হয়। পেটে কেক হজম হতে না হতেই জানানো হয়, চাকরি নেই তাঁর।
অবশ্য ব্ল্যাকপুলের সাম্প্রতিক দুরবস্থার কারণে ইভাটের চাকরি ঝুলন্ত অবস্থায়ই ছিল গত কিছুদিন। ইংল্যান্ডের তৃতীয় স্তর লিগ ওয়ানে সর্বশেষ ১০ ম্যাচের ছয়টিতেই হেরেছে তাঁর দল। বর্তমানে দলটির অবস্থান অবনমন অঞ্চলের কাছাকাছি।