বৃষ্টির কারণে প্রথম দুই দিনে খেলা হতে পেরেছিল মাত্র ৪৩ ওভার। এমন টেস্টে ফল বের করতে হলে করতে হতো অবিশ্বাস্য কিছু। সেই কাজটাই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তাঁর দল এমন একটা সংগ্রহ পেয়ে গেছে যে অস্ট্রেলিয়া দুই ইনিংসে মিলিয়েও সেটি পার করতে পারেনি।
আজ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে অলআউট করে ইনিংস ও ৩১ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতাও (১–১) ফিরিয়েছে স্বাগতিকেরা।