ভাগ্যটা একটু ভালো হলে রাকিব হাওলাদার এখন থাকতে পারতেন ওমানে। গত এপ্রিলে ইয়ুথ ক্রিকেট লিগে ৪ ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন। ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পেও। কিন্তু ওমানে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের সিরিজের দলে রাকিবের জায়গা হয়নি।
তাঁকে স্বাভাবিকভাবেই তখন ঘিরে ধরেছিল হতাশা। বয়সভিত্তিক ক্রিকেটের রেলগাড়িতে চলতে না পারলে দৌড়ে পিছিয়ে পড়তে হয়। রাকিব তা জানতেন। কিন্তু তিনি জানতেন না, নিয়তি তাঁর জন্য লিখে রেখেছিল ভিন্ন এক গল্প।