ইউরোপের সেরাদের লড়াইয়ে নিজেদের অবস্থানটা আবার মনে করিয়ে দিল পিএসজি। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকেও একই ব্যবধানে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারানোর পর তাই গর্ব লুকাতে পারেননি পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।
ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’