জীবনটা যদি একটা ক্রিকেট ম্যাচ হতো, তাহলে টেস্ট ক্রিকেটের সঙ্গে তার মিলই বোধ হয় সবচেয়ে বেশি। পাঁচ দিনের দীর্ঘ যাত্রা। কখনো রোদ, কখনো মেঘ। কখনো ব্যাটসম্যানের রাজত্ব, কখনো বোলারের দাপট। ভালো সময় আসে, খারাপ সময়ও।
কখনো মনে হয় সব শেষ। আবার সেই শেষের কিনারা থেকেই শুরু হয় নতুন গল্প।
ওয়ানডে ক্রিকেটও তো এক অর্থে জীবন। শুধু দৈর্ঘ্যটা একটু কম। ৫০ ওভারের এক ছোটখাটো জীবন। এখানে ভুল করার সুযোগ আছে, ভুল শুধরে নেওয়ারও। ধৈর্য ধরলে বিপর্যয় কাটিয়ে ওঠা যায়। তবে একটা শর্ত আছে।টিকে থাকতে হবে।