অস্ট্রেলিয়া সফরের শেষটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ১৬৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজটা অস্ট্রেলিয়া জিতল ৩-০ ব্যবধানে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.৫ ওভারে অলআউট হয় ১৭২ রানে। এই রানের ১০৪-ই দুই ব্যাটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের। তিনে নামা শারমিন ৯৩ বলে ৮ চারে করেন ৫০ রান। ছয়ে নেমে স্বর্ণা ৫৪ রান করেছেন ৭১ বলে। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলা স্বর্ণার ইনিংসে চার ৪টি।