ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘বাড়তি আয়’ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ফিফা থেকে নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা তো পানই, ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের অর্থ পেয়েছেন তিনি। কিন্তু সেই অর্থ পাওয়ার তথ্য প্রকাশ করেনি ফিফা। আর এখানেই উঠেছে সংস্থাটির নিজস্ব নিয়ম লঙ্ঘনের অভিযোগ।
ফিফা ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) নথি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এফডব্লিউসি-২০২৬ থেকে ২০২৪ সালে ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার পেয়েছেন ইনফান্তিনো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি টাকা।