দিনটা চার মেরে শুরু করেছিলেন লিটন দাস, চার মেরেই ছুঁয়েছেন সেঞ্চুরি। ধারাভাষ্যকক্ষ থেকে দুবারই যেসব কথাবার্তা ভেসে এল, তার মর্মার্থ—কী সুন্দর শট! লিটন যতক্ষণ উইকেটে ছিলেন, ধারাভাষ্যকারদের কথায় এমন মুগ্ধতা ঝরল বারবারই।
লিটনের বড় ইনিংস মানেই ব্যাটিং সৌন্দর্যে বুঁদ হয়ে থাকার সুযোগ, তাঁকে দর্শকদের প্রশংসায় ভাসানো। তবে সব সময়ই যে লিটন সে রকম খেলতে পারেন, তা নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে যেমন তিন ইনিংসেই আউট হয়েছেন শূন্য রানে।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তাই এক রান করেই শূন্য ডিঙানোর রসিকতায় ব্যাট উঁচিয়ে ধরেছিলেন লিটন। সেই ইনিংসটা ৫৩ রানে থেমে গেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়ে ব্যাটের সঙ্গে আজ তিনি উঁচিয়ে ধরেন হেলমেটও।