৫৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। মনে হচ্ছিল তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতি শুরুর আগের সেই বিশ্রী স্মৃতিটা বুঝি শেষ পর্যন্ত পিছু ছাড়ল না। ব্রাইটনের মাঠে ৩-০ গোলের তেতো হারের স্বাদ ভোলার আগেই লিডস ইউনাইটেডের কাছে গোল খাওয়া—শিরোপা ধরে রাখার অভিযানে কি তবে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে আর্সেনাল? উত্তরটা এল ৬২ থেকে ৭০; মাত্র আট মিনিটের ঝড়ে। ঘরের মাঠ এমিরেটসে পরপর দুই গোল করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিল আর্সেনাল।
প্রথমার্ধে আর্সেনালকে অচেনা লেগেছে। যেন ছন্দহীন, গুটিয়ে থাকা একটা দল। বিপরীতে চমৎকার রক্ষণ আর সাহসী আক্রমণের মিশেলে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল লিডস। ফলও মিলেছিল হাতেনাতে। বিরতির দশ মিনিট পর গ্যাব্রিয়েল গুডমুন্ডসনের ব্যাক-পাস থেকে বল পেয়ে আড়াআড়ি এক শটে গানারদের জালে তা জড়িয়ে দেন জেমস জাস্টিন। ২০০৩ সালের মে মাসের পর এই মাঠে যাদের লিগে জয়ের কোনো স্মৃতি ছিল না, সেই অতিথি সমর্থকেরা তখন আনন্দে আত্মহারা।