ফ্রান্সের ডাগআউটে আজ নতুন একজন। ১৪ বছর ধরে যে চেয়ারে বসেছিলেন দিদিয়ের দেশম, সেখানে এবার জিনেদিন জিদান। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ তুরস্ক। নতুন কোচ, নতুন শুরু, নতুন ভাবনা। তবে সেই নতুন শুরুর গল্পের নায়কও পুরোনো একজন, কিলিয়ান এমবাপ্পে। তাঁর একমাত্র গোলেই তুরস্কের বিপক্ষে জয়। এভাবেই শুরু হলো ফ্রান্সে জিনেদিন জিদান-যুগ।
নতুন কোচের ৪-৩-৩ ছকে মানিয়ে নিতে সময় লাগছিল ফ্রান্সের। দুই বছর ধরে জাতীয় দলের জার্সিতে যার বাঁ প্রান্তে খেলা হয়নি, সেই এমবাপ্পের ওপর এর প্রভাব পড়ল সবচেয়ে বেশি। ম্যাচের শুরু থেকেই দুই ডিফেন্ডারের কড়া পাহারায় বন্দি ছিলেন ফরাসি অধিনায়ক। উসমান দেম্বেলে ফাঁকা জায়গা খুঁজে পেতে হাঁসফাঁস করলেন, মাইকেল ওলিসেও ছিলেন নিজের ছায়া হয়ে।