আগে ছিলেন হাসান মাহমুদ, আর এখন খালেদ আহমেদ। কাউন্টি দল কেন্টের বোলিং আক্রমণের প্রধান মুখ। সেটা কেন, কাল আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের এই পেসার।
ক্যান্টারবুরিতে কাউন্টির দ্বিতীয় বিভাগের ম্যাচে গ্লস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন খালেদ। তাঁর ৩ উইকেট ও ম্যাট মিলনেসের ৪ উইকেটে গ্লস্টারশায়ার গুটিয়ে গেছে ২২৯ রানে।
শুধু যে কম রানেই গ্লস্টারশায়ারকে কেন্ট গুটিয়ে দিয়েছে, ব্যাপারটা তা নয়। দলটিকে তারা অলআউট করেছে ৬৯.৫ ওভারে। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে বোলিংয়ে মিলবে ৩ বোনাস পয়েন্ট। প্রমোশনের লড়াইয়ে থাকা কেন্টের জন্য এই ৩ পয়েন্টই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।