আগেই শঙ্কা ছিল। এবার সেটিই সত্যি হলো। কাঁধের চোটে ভারতের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
গত সপ্তাহে প্রচারণামূলক একটি শুটিংয়ে চোট পান রবীন্দ্র। অকল্যান্ডে সেই শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। তাতে ডান কাঁধে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয় রবীন্দ্রর।
বাঁহাতি এই অলরাউন্ডারের সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ৪ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তাঁর।